দেশে যারা অতি ধনী রয়েছেন এবার তাদের জন্য অপেক্ষা করছে বড় ধরনের দুঃসংবাদ। এবার সরকার দেশের অতি ধনীদের ওপর আয়করের হার আরও বাড়াতে যাচ্ছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ব্যক্তিশ্রেণির করদাতার ক্ষেত্রে সর্বোচ্চ করহার বিদ্যমান ৩০ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশ করার পরিকল্পনা করছে। ২০২৭-২৮ অর্থবছর থেকে এই নতুন কর হার কার্যকর হতে পারে।
মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর সদর দপ্তরে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) নেতৃবৃন্দের সঙ্গে এক প্রাক-বাজেট আলোচনা সভায় এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান এই পরিকল্পনার কথা জানান।
এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, আমাদের পরিকল্পনা আছে আগামী অর্থবছরের পরের বছর থেকে এটি কার্যকর করার। এই প্রস্তাবটি আমি মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে দেব।
কোন পর্যায়ের ধনীদের ওপর এই কর কার্যকর হবে, সে বিষয়ে তিনি বলেন, সুপার রিচ গ্রুপ—যাদের বার্ষিক আয় ১ কোটি টাকা, দেড় কোটি টাকা কিংবা ৫ কোটি টাকার বেশি—এমন যেকোনো একটি নির্দিষ্ট অতি ধনী গ্রুপের ওপর আমরা এই বর্ধিত কর হার চালু করতে পারি।
আয়কর বাড়ানোর পাশাপাশি তামাকজাত পণ্যের বিষয়েও কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছে এনবিআর। চেয়ারম্যান জানান, আগামী বাজেটে তামাকজাত পণ্যের মূল্য বৃদ্ধির পরিকল্পনাও তাদের রয়েছে।
সভায় ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালা ও সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ এবং এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরটিভি/এমআই




